
কুমিল্লার দেবিদ্বারে সরকারি দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় অদ্য কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগাম জামিন আবেদন নিয়ে হাজির হওয়া আসামিদের মধ্যে ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং ৮ জনকে জামিন দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার শুনানি শেষে শফিক, আইয়্যুব, রাসেল, ফয়েজ ও মেহেদী হাসানকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে উপস্থিত অপর ৮ জনের আগাম জামিন মঞ্জুর করা হয়।
এর আগে একই মামলায় রফিকুল ইসলাম ও দিন ইসলাম গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন। এ নিয়ে মামলায় মোট ৭ জন আসামি কারাগারে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে দুপুর ১২টা ১০ মিনিটে দেবিদ্বার থানার এসআই মো. আবু তাহের ভুঁইয়ার নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুর দক্ষিণপাড়া এলাকায় একটি মারামারির অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে যায়। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়, মারধর করে এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এসআই মো. আবু তাহের ভুঁইয়া বাদী হয়ে ২২ মে ১৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৫, ৩০৭, ৩৩২, ৩৫৩, ৩২৯ ও ৫০০ ধারায় রুজু করা হয়েছে।
মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :