
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ জনের নাম উল্লেখ এবং আরও ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এজাহর সূত্রে জানা যায়, মামলাটি ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানায় রুজু করা হয়।
মামলার বাদী উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক। এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় আদালত ভবনের সামনে ঘটনাটি ঘটে। এজাহার অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সমর্থন, উস্কানিমূলক স্লোগান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।মামলায় কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামীরা হলো: আইনজীবী ও আওয়ামী লীগ নেতা: কুমিল্লা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক আবু ইউসুফ (৫৫), সদস্য সচিব মোস্তাফিজুর রহমান লিটন (৫৬), সদস্য নসরুল হাসান অপু (৩৫), বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খোকন (৫২) এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
যুবলীগ ও যুব মহিলা লীগ: কুমিল্লা মহানগর যুব মহিলা লীগের মুখ্য সম্পাদক আছিয়া মেহজাবিন খান নিশু (৪২), কুমিল্লা দক্ষিণ যুবলীগের আইন বিষয়ক সম্পাদক জালাল আহম্মেদ সাজু (৫০), বুড়িচং উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া (৫৩) এবং মহানগর যুবলীগ সদস্য সানি খন্দকার (৩৬)।
ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল আলীম (৪২), সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শাহ আলম (৫৫), বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রেজাউল করিম শাওন (২৫) এবং নিমসার কলেজ ছাত্রলীগের নেতা মোঃ ইসমাইল (৩০) ও মোঃ ইমন (২৬)
এছাড়াও মামলায় মেজবাহ উদ্দিন জনি (৩২), সাইফুল ইসলাম সানি (২৬), তারেক (৩২) ও রাজনকে (২৮) আসামি করা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী এসআই ওমর ফারুকের বক্তব্য জানতে একাধিকবার তাঁর +880 1836-006107 নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :