কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়ার ‘বিপিএম’ পদক অর্জন


প্রতিবেদক: এ.এইচ.পারভেজ:

admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:১২ অপরাহ্ন / ৬৯ পঠিত
কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়ার ‘বিপিএম’ পদক অর্জন

অসীম সাহসিকতা, বীরত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) অর্জন করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়া।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অর্ণব বড়ুয়ার এ গৌরবময় অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

জানা যায়, ২০২৫ সালের ২৬ জুলাই থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এসআই অর্ণব বড়ুয়াকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) প্রদান করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অর্ণব বড়ুয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এ সময় তিনি ৫৩ জন ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ২৯টি ডাকাতি ও চুরি মামলার রহস্য উদঘাটনে ভূমিকা রাখেন।

এছাড়া নোয়াখালী জেলার সুধারাম থানার আলোচিত স্বর্ণের দোকান চুরি মামলার রহস্য উদঘাটনেও তিনি ভূমিকা রাখেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি ও তাঁর মায়ের আলোচিত ক্লুলেস হত্যা মামলায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জেলা পুলিশ জানিয়েছে। পাশাপাশি বুড়িচংয়ের আলোচিত কলেজছাত্র তুহিন হত্যা মামলা, সদর দক্ষিণে কিশোর গ্যাংয়ের মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ড এবং মনোহরগঞ্জের আলোচিত ক্লুলেস আলাউদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণেও তাঁর ভূমিকা ছিল।

এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিংয়ের মাধ্যমে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ২৩৮ কেজি গাঁজা, ১ লাখ ৪৭ হাজার ২৪০ পিস ইয়াবা, ৬২৫ বোতল ফেনসিডিল, ৫০ বোতল মদ ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করে। এসব মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলও জব্দ করে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সাহসিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়ার এই অর্জন কুমিল্লা জেলা পুলিশের জন্য গৌরবের বলে জানিয়েছে জেলা পুলিশ।

Share this news as a Photo Card

রিপোর্টার admin ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
৬৯ পঠিত
QR Code
27 September 2026

কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়ার 'বিপিএম' পদক অর্জন

www.joyjatra.net