বাংলাদেশ-ইতালি পর্যটন সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা


প্রতিবেদক: জয়যাত্রা ডেস্ক:

admin প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন / ২৯ পঠিত
বাংলাদেশ-ইতালি পর্যটন সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ এবং পর্যটন উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লি সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ সম্প্রসারণ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা উন্নয়ন এবং পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে ইতালি সরকার। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। এ বিষয়ে মন্ত্রী জানান, ইউরোপে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াতের সুবিধা বিবেচনায় নতুন উড়োজাহাজ সংযোজনের পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে।

বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালীয় বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। দেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল সুবিধাসম্পন্ন হাব গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এজ কোম্পানি (Edge Company), আতিতেচ এস.পি.এ. (Atitech S.p.A.) ও জিলারদোনির (Gilardoni) অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাতায়াত আরও সহজ ও আকর্ষণীয় করে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধির প্রবণতাকে দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় সম্প্রসারণের ইতিবাচক সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। পর্যটন আকর্ষণ, যোগাযোগব্যবস্থা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের মাধ্যমে এ খাতে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ এবং পর্যটন উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

রিপোর্টার admin ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
২৯ পঠিত
QR Code
14 October 2026

বাংলাদেশ-ইতালি পর্যটন সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা

www.joyjatra.net