পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন / ৩০ পঠিত
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর (জলিল হাজী রোড) এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিন্টুকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। রাত ১০টা ২০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে ডিজিটাল নিক্তির সাহায্যে উদ্ধারকৃত হেরোইন ওজন করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানায়, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার joyjatra ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
৩০ পঠিত