ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১,


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন / ২৮ পঠিত
ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার, গ্রেপ্তার ১,

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল গাজী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিকেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার কাছে একটি প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে হামিদুল গাজীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসে ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্যমতে, এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

(বনানী থেকে গ্রেপ্তার)

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬)-কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

(পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র উদ্ধার)

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তাঁর নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রাখার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা এলাকার ওই পরিত্যক্ত টয়লেট থেকে একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, হামিদুল গাজী নিজ হাতে অস্ত্রটি বের করে দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার admin ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
২৮ পঠিত