রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন / ৩২ পঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান Rosatom Energy Projects Joint-Stock Company-এর মহাপরিচালক Andrey Rozhdestvin-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৬ আগস্ট অনুষ্ঠিত এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকল্পটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে রোসাটমের মহাপরিচালক Andrey Rozhdestvin রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশের মন্ত্রীকে অবহিত করেন। প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

আলোচনায় রূপপুর প্রকল্পের নির্মাণকাজের বর্তমান অগ্রগতি, অবশিষ্ট কাজের বাস্তবায়ন এবং বিদ্যুৎ উৎপাদন শুরুর পর জাতীয় গ্রিডে সরবরাহের প্রয়োজনীয় প্রস্তুতি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক সমন্বয় জোরদারের বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়। পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পটির অবশিষ্ট কাজ নির্ধারিত প্রক্রিয়া ও পরিকল্পনা অনুযায়ী দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার joyjatra ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
৩২ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর