ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে বেডে ছারপোকা, রোগীদের দুর্ভোগ


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন / ২৬ পঠিত
ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালে বেডে ছারপোকা, রোগীদের দুর্ভোগ

সিলেটের ওসমানীনগর উপজেলার ভার্ড চক্ষু হাসপাতালে পরিদর্শনে গিয়ে বেডে ছারপোকার উপস্থিতি দেখতে পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মইনুল আহসান। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এক নারী রোগী সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মইনুল আহসানকে তার ব্যবহৃত বেডে থাকা ছারপোকা দেখান। রোগীর অভিযোগ, বেডে ছারপোকার কারণে অনেক রোগী ঠিকমতো ঘুমাতে পারছেন না।

রোগীর কাছ থেকে বিষয়টি দেখার পর মইনুল আহসান হাসপাতালের ম্যানেজারকে সরাসরি ওই বেড পরিবর্তন করে দেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে।

এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের সেবার মান নিয়ে ম্যানেজারের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মইনুল আহসান।

এক পর্যায়ে তিনি ম্যানেজারকে প্রশ্ন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজনের বিষয়ে আগেও আলোচনা ও বলা হয়েছিল। কিন্তু সেখানে কেন ফ্রি চক্ষু শিবির আয়োজন করা হয়নি—এ বিষয়ে জানতে চান তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের বেডের অবস্থা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন মইনুল আহসান।

এ বিষয়ে ভার্ড ও ভার্ড-ইসিএস লিমিটেডের ডেপুটি ডিরেক্টর (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) কামরুল হাসান চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাসপাতাল পরিদর্শন করেছেন এবং কিছু দিকনির্দেশনা দিয়েছেন। যেসব সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।

স্থানীয়দের দাবি, রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি থাকার পরিবেশও স্বাস্থ্যসম্মত হওয়া জরুরি। বিশেষ করে হাসপাতালের বেডে ছারপোকার মতো সমস্যা দ্রুত সমাধান করে রোগীদের স্বাভাবিক বিশ্রাম ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

রিপোর্টার joyjatra ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
২৬ পঠিত