কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬, সংক্ষিপ্ত বিচার আদালতে বিভিন্ন মেয়াদে সাজা


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৯:১০ অপরাহ্ন / ৪০ পঠিত
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬, সংক্ষিপ্ত বিচার আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ১৬ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আসামিদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালিত হয়। আদালতে আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে বিচারক বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

আদালতের রায়ে একজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা, দশজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং আরও দুইজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে গ্রেপ্তার হওয়া সব মিলিয়ে ১৬ জন আসামির বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সচেতন মহলের মতে, অপরাধ সংঘটনের পর দ্রুত শাস্তি কার্যকর হওয়ায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যক্রম কার্যকর ভূমিকা রাখছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার joyjatra ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
৪০ পঠিত