রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ, এক মাসের মধ্যে চালু হতে পারে নতুন আইসিইউ বেড


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ৩৭ পঠিত
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ, এক মাসের মধ্যে চালু হতে পারে নতুন আইসিইউ বেড

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি সম্প্রসারণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। অ্যানেসথেসিয়া সংকট নিরসন হওয়ায় আগামী এক মাসের মধ্যে হাসপাতালে নতুন করে আইসিইউ বেড চালুর আশা প্রকাশ করেন তিনি।

শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অ্যানেসথেসিয়া সংকটের কারণে হাসপাতালের প্রয়োজনীয় আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে এ সংকট অনেকটাই সমাধান হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের ঘাটতি রয়েছে। অ্যানেসথেসিয়ার সংকটের কারণে আমরা সেগুলো চালু করতে পারিনি। এখন সেই ব্যবস্থা করা হয়েছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হবে।”

জনবল সংকটের বিষয়েও কথা বলেন আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। সরকার বর্তমানে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে এবং শিগগিরই সেই প্রক্রিয়া সম্পন্ন হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবল পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে শুধু অবকাঠামো নয়, দক্ষ জনবলও জরুরি। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালের সেবার চাহিদা পূরণে আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারব।”

হাসপাতালকে উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক ও মানসম্মত চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, জনগণের সম্মিলিত সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যেই হাসপাতালের নতুন নতুন সেবা চালু এবং সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

এর আগে একই দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন।

রিপোর্টার joyjatra ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
৩৭ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর