
খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো নির্ধারণ, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা এবং দেশে আরও বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় “পেশা হিসেবে খেলাধুলা: বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার। একই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া সাফল্য অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ (এনডিসি, পিএসসি) এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল।
এছাড়া বক্তব্য দেন বিভাগের প্রধান শারমিন আক্তার শান্তা, সহকারী অধ্যাপক আবদুস সালামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, সাঁতার, জিমন্যাস্টিক, বক্সিং, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী, দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ সৃষ্টি করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সরকার দেশব্যাপী “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এবং “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” চালুর উদ্যোগ নিয়েছে, যা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ প্রতিফলন।
তারা চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় পর্যায়ের সকল অ্যাথলেটের জন্য বেতন কাঠামো নির্ধারণ এবং দেশে আরও বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত “পেশা হিসেবে খেলাধুলা: বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, অতিরিক্ত সচিব আমেনা বেগম, বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং অন্যান্য অতিথিরা।
আপনার মতামত লিখুন :