রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অর্থায়ন ও দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর, জাপানের প্রতিনিধি দলের সঙ্গে ত্রাণমন্ত্রীর বৈঠক


joyjatra প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন / ৩৬ পঠিত
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অর্থায়ন ও দ্রুত প্রত্যাবাসনের ওপর জোর, জাপানের প্রতিনিধি দলের সঙ্গে ত্রাণমন্ত্রীর বৈঠক

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন অব্যাহত রাখা এবং দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এম ইকবাল হোসেইন। একই সঙ্গে অর্থায়ন সংকট মোকাবিলায় জাপানের The Nippon Foundation ও Sasakawa Peace Foundation (SPF)-এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সফররত জাপানের The Nippon Foundation ও Sasakawa Peace Foundation-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ত্রাণমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হলে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন The Nippon Foundation-এর চেয়ারম্যান মি. ইয়োহেই সাসাকাওয়া।

বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান মানবিক পরিস্থিতি, চলমান সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্থায়নের ক্রমবর্ধমান সংকট নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় উল্লেখ করা হয়, বৈদেশিক মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সুরক্ষা, আশ্রয় এবং অন্যান্য জরুরি মানবিক কার্যক্রম পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে। এ বাস্তবতায় রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণে আন্তর্জাতিক অংশীদারদের অব্যাহত, পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়ে আসছে। তবে এ সংকটের ভার এককভাবে বহন করা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অর্থায়ন অব্যাহত থাকলে মানবিক কার্যক্রম আরও শক্তিশালীভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বৈঠকে বিশেষভাবে কক্সবাজার ও ভাসানচরে পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখতে The Nippon Foundation ও Sasakawa Peace Foundation-এর সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়।

এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে প্রয়োজনীয় সহযোগিতা, কূটনৈতিক সমর্থন এবং উন্নয়ন অংশীদারদের সমন্বিত ভূমিকা আরও জোরদারের আহ্বান জানান মন্ত্রী। প্রতিনিধিদলও রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। জাপানের প্রতিনিধি দলে আরও ছিলেন Sasakawa Peace Foundation-এর Center for Mediation Support-এর পরিচালক মিস আকিকো হোরিবা এবং The Nippon Foundation-এর Honorary Chair-এর সচিব ও জেনারেল ম্যানেজার মি. শোতা নাকায়াসু।

রিপোর্টার joyjatra ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
৩৬ পঠিত