তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন / ৩৬ পঠিত
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন উন্নয়নের রূপকার। জিয়াউর রহমানের স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’-এর ষষ্ঠ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তাঁর শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। তিনি শুধু দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তি শক্তিশালী করেননি, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ধারণাকেও এগিয়ে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন। সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে তাঁর অবদানের কথাও তুলে ধরেন মন্ত্রী।

রাজনীতির বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সুস্থ গণতান্ত্রিক চর্চার স্বার্থে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি ঘোষণার পেছনে কী ইঙ্গিত রয়েছে, তা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসার সম্ভাবনা এবং সরকারবিরোধী আন্দোলনের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখা উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জাম সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ দলীয় নেতারা।

জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী, পাঠাগার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, পাঠক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপোর্টার admin ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
৩৬ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর