
কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার, দুইজন ছিনতাইকারীকে আটক এবং সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) কোতয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ সব পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় আনছারিয়া মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালানো হয়। এ সময় রূদ্র সাহা (১৯), আপন সাহা (১৯) ও তুষার দে (২১) এর হেফাজত থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। একই অভিযানে মাদক সেবন ও বিভিন্ন অপরাধে জড়িত আরও ১২ জনকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।
পরে তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালিত হয়। আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে ১২ জনের মধ্যে ৫ জনকে ১০ দিন সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, ৪ জনকে ১৫ দিন সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং ৩ জনকে ৭ দিন সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এদিকে পৃথক অভিযানে থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই মামলার সঙ্গে সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়ায় তাদেরও আদালতে সোপর্দ করা হয়েছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, ছিনতাই প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এ ধরনের কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :