
ঢাকা-কুমিল্লা মহাসড়কে ক্রমবর্ধমান যানবাহনের চাপ কমানো, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবিত বিকল্প সড়কের এলাইনমেন্ট এবং কোটবাড়ীকে কেন্দ্র করে AHK স্যাটেলাইট সিটি, এডুকেশন সিটির ধারণাপত্র নিয়ে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার, ২৮ আগস্ট বিকেল ৩টায় কুমিল্লার কুলিয়া টাউন হলে সেমিনারটি আয়োজন করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাবি। সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করবেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। তিনি ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড়কের সম্ভাব্য এলাইনমেন্ট, এর কৌশলগত গুরুত্ব এবং কোটবাড়ী এলাকায় পরিকল্পিত স্যাটেলাইট সিটি ও এডুকেশন সিটি গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। আয়োজকদের মতে, কুমিল্লার দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিকল্প সড়ক নির্মাণ একটি সময়োপযোগী উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ওপর চাপ কমবে, যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে এবং যোগাযোগব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে। ধারণাপত্রে কোটবাড়ীকে শিক্ষা, গবেষণা, আবাসন ও আধুনিক নাগরিক সুবিধার সমন্বয়ে একটি পরিকল্পিত স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে তোলার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এ ধরনের নগর পরিকল্পনা বাস্তবায়িত হলে কুমিল্লা শহরের সম্প্রসারণের চাপ হ্রাস পাবে, নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজকদের আশা, উপস্থাপিত প্রস্তাবগুলো কুমিল্লার ভবিষ্যৎ নগর উন্নয়ন ও টেকসই যোগাযোগ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
মোঃ শাহরিয়া সিকদার। নিজেস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন :