
ঈশ্বরদীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের আওতায় ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার আড্ডাখানা রেস্টুরেন্টে ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি তাদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি প্রমুখ।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধার স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অন্যান্য অতিথিরা ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।
উল্লেখ্য, ২০২৫ সালে ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশনের আওতাধীন ২২টি কিন্ডারগার্টেনের মোট ২২৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮০ জন এবং সাধারণ গ্রেডে ১৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
আপনার মতামত লিখুন :