
টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জব ফেয়ার। চাকরিপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে জব ফেয়ারের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৫১টি স্টল স্থাপন করা হয়েছে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগ সম্পর্কে জানতে সকাল থেকেই বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী উপস্থিত হন। আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করা হচ্ছে। পরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের চাহিদা ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করবে।
আয়োজকরা জানান, চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ মেলায় বিভিন্ন বয়স ও শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেলায় অংশ নেওয়া প্রার্থীদের অনেকেই একাধিক প্রতিষ্ঠানে সিভি জমা দিয়ে চাকরির সুযোগ পাওয়ার প্রত্যাশা করছেন।
আপনার মতামত লিখুন :