
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। এই উদার জমিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। তাই ধর্মের নামে বিভেদ, ঘৃণা কিংবা সহিংসতার কোনো স্থান বাংলাদেশে নেই।
তিনি বলেন, “সাম্প্রদায়িকতা ধর্ম নয়, ধর্মের রাজনীতিকরণ।” যারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক ঘৃণা ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করে, তাদের সম্পর্কে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট শহরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শক্তি তার বহুত্ববাদ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ধর্মীয় উৎসব কেবল একটি সম্প্রদায়ের নয়, বরং এটি জাতীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যেরও প্রতীক। সকল ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার।
আলোচনা সভায় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী ভক্ত, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
আপনার মতামত লিখুন :