
পারভেজ///
কুমিল্লা সার্কিট হাউসে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির বরাদ্দ করা কক্ষে উইপোকার উপস্থিতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের আগমন উপলক্ষে কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবনের দ্বিতীয় তলার ‘রাধাচূড়া’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়। রাতে তিনি সার্কিট হাউসে পৌঁছে ওই কক্ষে অবস্থান করেন।
পরবর্তীতে অবস্থানকালে কক্ষের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পান তিনি। বিষয়টি জানার পর কক্ষ পরিবর্তন করে পাশের ‘কৃষ্ণচূড়া’ কক্ষে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নেজারত ডেপুটি কালেক্টরকে দ্রুত সার্কিট হাউসে যেতে বলা হয়। তবে এর আগেই এমপি তাহের সার্কিট হাউস ত্যাগ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার জন্য দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট কর্মচারীদের লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্কিট হাউসের সব কক্ষ, স্টোররুম ও আসবাবপত্র সরেজমিনে নিবিড়ভাবে পরিদর্শন করে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া সার্কিট হাউসের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অতিথিদের অভিযোগ জানানোর জন্য অভিযোগ রেজিস্টার রাখার ব্যবস্থা করা হয়েছে। অবস্থানকালে যেকোনো সমস্যা জানানো ও সমাধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাটি নিয়ে আলোচনা করেন। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা ও উদ্যোগের কথা জানানো হয়।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কক্ষে উইপোকা দেখতে পেয়ে বিকল্প ব্যবস্থা না হওয়ায় শুক্রবার রাতে সার্কিট হাউস ত্যাগ করেন বিরোধীদলীয় উপনেতা।
আপনার মতামত লিখুন :