টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন, সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন / ৩২ পঠিত
টাঙ্গাইলে মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন, সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। পরিদর্শনকালে তিনি খামারের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন, ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন এবং খামার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ আয়োজিত পরিদর্শনে প্রতিমন্ত্রী খামারের পুকুর, হ্যাচারি, পোনা উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মৎস্যবীজ উৎপাদনের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের কোনো বিকল্প নেই। নিরাপদ ও মানসম্পন্ন মৎস্যবীজ উৎপাদনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতের অবদান আরও জোরদারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোর আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে দেশের মৎস্য উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে। উৎপাদনের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

খামারে স্থাপিত ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, সৌরশক্তিনির্ভর এই উদ্যোগ বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ফলে উৎপাদন ব্যয় কমবে এবং পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি মৎস্য খামারেও এ ধরনের সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। পরে প্রতিমন্ত্রী খামার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার admin ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
৩২ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর