জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ্যানি


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন / ৩৪ পঠিত
জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ্যানি

আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা ব্যারেজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের সাইট পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ত. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি এবং রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে। একই সঙ্গে কৃষি, সেচ, মৎস্য ও নৌ যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি জানান, ব্যারেজে ১১৩ মেগাওয়াট ক্ষমতার দুটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হবে, যা জাতীয় বিদ্যুৎ উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে।

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছেন। আগামী সাত বছরের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ শেষ করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রস্তাবিত পদ্মা ব্যারেজের দৈর্ঘ্য হবে ২ দশমিক ১ কিলোমিটার। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট, ১৮টি আন্ডার স্লুইস গেট, একটি নেভিগেশন লক এবং দুটি ফিশ পাস। পাশাপাশি ব্যারেজের ওপর একটি রেলওয়ে সেতুও নির্মাণ করা হবে, যা সড়ক ও রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সাইট পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালামসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্টার admin ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
৩৪ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর