আর্থিক অসচ্ছলতায় কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না, মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:১০ অপরাহ্ন / ২৭ পঠিত
আর্থিক অসচ্ছলতায় কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না, মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম

আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। তিনি বলেন, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি সহায়তা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকার সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা, শিক্ষা উপকরণ সরবরাহ এবং তাদের শিক্ষাজীবনকে সহজ ও সুন্দর করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত হলে দেশের সামগ্রিক অগ্রগতিও ত্বরান্বিত হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

বক্তব্য শেষে খাদ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন স্কুলড্রেস তুলে দেন। নতুন পোশাক পেয়ে শিশুদের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

### একই মাঠে খাদ্যমন্ত্রীকে গণসংবর্ধনা

স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠান শেষে একই ভেন্যু, ১ নম্বর বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেতিলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মাকসুদুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রাস উৎসব পুনরায় আয়োজন এবং বিদ্যালয়ের পশ্চিম পাশের লেকটি সংস্কারের দাবি জানান।

জবাবে খাদ্যমন্ত্রী উভয় বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, মানিকগঞ্জবাসী ভোট দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের কল্যাণে কাজ করা এবং সবসময় মানুষের পাশে থাকা তার দায়িত্ব।

তিনি মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী স্থানীয় পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় বিভেদ ও মতপার্থক্য ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

রিপোর্টার admin ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
২৭ পঠিত

জাতীয় বিভাগের আরো খবর

আরও খবর