ব্ল্যাকমেইল চক্রের ২ নারী ও গণধর্ষণ মামলার আসামিসহ ফেনীতে আটক ১৮


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৯:২২ অপরাহ্ন / ২৪ পঠিত
ব্ল্যাকমেইল চক্রের ২ নারী ও গণধর্ষণ মামলার আসামিসহ ফেনীতে আটক ১৮

বিশেষ প্রতিনিধি, ফেনী: ফেনী মডেল থানা-পুলিশের এক বিশেষ অভিযানে ‘হানি ট্র্যাপ’ (ব্ল্যাকমেইল) চক্রের দুই নারী সদস্য, গণধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত ডাকাত এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফেনী শহরের বিভিন্ন স্থান ও মহিপাল চাটিপুর এলাকায় এসব পৃথক অভিযান পরিচালিত হয়।

হানি ট্র্যাপ চক্রের দুই নারী গ্রেফতার:

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে শহরের এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে ফাঁদে ফেলে (হানি ট্র্যাপ) জিম্মি করে আসছিল। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

এই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের পর বিশেষ অভিযান চালিয়ে চক্রের অন্যতম সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: ১. খালেদা আক্তার রুনু প্রকাশ ফারজানা (৪০) ২. হাজেরা আক্তার জেবু (৩৫)

এছাড়াও ধর্ষণ, ডাকাতি ও অন্যান্য অপরাধে গ্রেফতার:

হানি ট্র্যাপ চক্রের সদস্যদের পাশাপাশি অভিযানে আরও একাধিক মারাত্মক অপরাধের আসামিদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য: গণধর্ষণ মামলার আসামি: আব্দুল রাজ্জাক (৬২)

সাজাপ্রাপ্ত ডাকাত সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামি: দিলবাহার ঝর্ণা

এছাড়া চোর, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফেনী জেলার পুলিশ সুপার (এসপি)-এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার ইনচার্জের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ১৮ জনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফেনী সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধীদের বিরুদ্ধে এই জিরো-টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার admin ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
২৪ পঠিত