
নীলফামারীর ডিমলায় ওজনে কম দেওয়া এবং ভুয়া বিএসটিআই সনদের তথ্য প্রচারের অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিএসটিআই বিভাগীয় কার্যালয় (রংপুর) ও ডিমলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বাবুরহাট এলাকায় অবস্থিত ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’-এ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলি এবং ১০ লিটার ডিজেলে ১৪০ মিলি তেল কম দেওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বামুনিয়া ডোমার রোডের ‘আদিল অটো মুড়ির মিল’ পণ্যের অনুকূলে বিএসটিআই-এর গুণগত মান সনদ আছে বলে মিথ্যা তথ্য দেওয়ায় ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় (রংপুর)-এর পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।
জনস্বার্থে ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে
আপনার মতামত লিখুন :