
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত করে অর্থনীতি, স্থানীয় সরকার, জলবায়ু পরিবর্তন, উচ্চশিক্ষা ও গ্রামীণ উন্নয়নে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পিপল টু পিপল যোগাযোগ জোরদার, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নগর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, অবকাঠামো ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে এবং স্থানীয় পর্যায়ের সেবার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পিপল টু পিপল সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নগর উন্নয়ন খাতে যুক্তরাজ্যের চলমান সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন এবং স্থানীয় পর্যায় থেকে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে ‘বটম আপ গভর্ন্যান্স’ পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় সরকার। কর্মসংস্থান সৃষ্টি, কৃষিখাতের উন্নয়ন, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের অর্থবছর যুক্তরাজ্যের আদলে পরিবর্তন করা হয়েছে। এর ফলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে বলে সরকার আশা করছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :