স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে


admin প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন / ৪০ পঠিত
স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক সেবিকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া খাতুন। শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, তানিয়া খাতুন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি পেশায় একজন সেবিকা এবং রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত। তার স্বামী মো. সাখাওয়াত হোসেন সোহান রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হলেও পরবর্তীতে তানিয়া পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্বামীকে মানসিক নির্যাতন ও তালাকের হুমকি দিয়ে বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, পরে সাখাওয়াত কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে গেলে তানিয়া পাঁচ লাখ টাকা ছাড়া সংসারে ফিরবেন না বলে জানান। বিষয়টি পারিবারিকভাবে ও স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এ ঘটনায় চলতি বছরের ২২ জানুয়ারি সাখাওয়াত হোসেন সোহান বালিয়াকান্দি আমলি আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ৩ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারি পরোয়ানার পর তানিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার admin ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
৪০ পঠিত

আইন-আদালত বিভাগের আরো খবর

আরও খবর