কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব: ধর্ম প্রতিমন্ত্রী


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন / ৩০ পঠিত
কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, “কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিব। জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূল (সা.)-এর জীবনে উৎকৃষ্টতাই ছিল প্রধান বিষয়। আমাদেরও সব ক্ষেত্রে উৎকৃষ্টতার দিকে যেতে হবে। তাহলেই আমরা সফলকাম হতে পারব।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। তাঁর দেখানো আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে উত্তম চরিত্র, মানবিকতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।

আল-কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রাসূল (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তাই মহানবী (সা.)-এর দেখানো পথ ও পদ্ধতি সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) যেসব বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, সেসব বিষয় থেকে সবাইকে দূরে থাকতে হবে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক আদনান।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন নিঃস্বার্থ ও মানবতাবাদী মানুষ। তাঁর জীবন আমাদের দেখায়, একজন মানুষ কীভাবে শুধু একটি জাতির কল্যাণেই নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।”

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও কর্ম থেকে মানবিকতা, ন্যায়বোধ, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়িত্ববোধের শিক্ষা গ্রহণ করা যায়। এসব মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন আমাদের ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।

তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন দোয়া পরিচালনা করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

রিপোর্টার joyjatra ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
৩০ পঠিত