রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে, পরিবারপ্রতি ৩ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা


joyjatra প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন / ৪১ পঠিত
রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে, পরিবারপ্রতি ৩ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। নিহত প্রত্যেকের পরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচসহ মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী মর্মান্তিকভাবে প্রাণ হারান। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত ৯ জনের পরিচয় নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৭ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন একই গ্রামের বাসিন্দা এবং ২ জন সহোদর। এছাড়া নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ১ জন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১ জন রয়েছেন।

বিমানবন্দরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাকি ৭ জন নিহত কর্মীর মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি। অগ্নিদগ্ধ হওয়ায় তাঁদের ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা যায়নি। এজন্য সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের জন্য লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন অনুদান হিসেবে ৩ লাখ টাকা দেওয়া হবে। ফলে প্রতিটি পরিবার মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে।

মন্ত্রী আরও বলেন, এই হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সরাসরি নিহতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আমাদের প্রবাসী ভাইয়েরা পরিবারের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করেন। যাঁদের মরদেহ এখনো দেশে আনা যায়নি, তাঁদের ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্বজনদের সঙ্গে সমন্বয় করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করছেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলী আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার joyjatra ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
৪১ পঠিত